হুমায়ূন কবীর ঢালী — মানুষের জীবনের বয়স বাড়ে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু তার প্রকৃত বয়স জমা থাকে স্মৃতিতে, সৃষ্টিতে, ভালোবাসায়, অভিমানে আর ফেলে আসা সময়ের গল্পে। ১ নভেম্বর ৫৭ বছরে পদার্পণ করা শিব্বীর আহমেদ তেমনই এক বহুমাত্রিক ব্যক্তিত্ব—যাঁর জীবনকে কেবল বয়সের কোনো সংখ্যা কিংবা সাফল্যের পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। সাংবাদিকতা, সাহিত্য, সংগীত, প্রযুক্তি, রাজনৈতিক-সাংস্কৃতিক ঐতিহ্য এবং একান্ত নিজস্ব জীবনদর্শনের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে তাঁর জীবনে।
শিব্বীর আহমেদের সাহিত্যচর্চার পরিধি অত্যন্ত বিস্তৃত ও বৈচিত্র্যময়। থ্রিলার, প্রেমের উপন্যাস, ভ্রমণকাহিনি, গবেষণা, কবিতা, ছড়া, শিশুসাহিত্য, ফ্যান্টাসি, চিঠিপত্র, রম্যরচনা, প্রবন্ধ ও কলাম—সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪২টি। সাহিত্যচর্চার প্রতিটি ধারায় তিনি দেখিয়েছেন আলাদা নির্মাণশৈলী ও ভাষার যত্ন। কবি হিসেবে তাঁর প্রকাশিত কবিতার বই ৫টি হলেও রচিত কবিতার সংখ্যা হাজারেরও বেশি, যা দীর্ঘ সময় ধরে শব্দ ও অনুভূতির সঙ্গে তাঁর নিরবচ্ছিন্ন সম্পর্কের পরিচয় দেয়। গীতিকবি হিসেবেও তিনি সমধিক পরিচিত; তাঁর লেখা একশরও বেশি প্রকাশিত গানে সামিনা চৌধুরী, মানাম আহমেদ, শফিক তুহিন, বিবেক মজুমদার, রুমানা ইতি, মুন রহমানসহ বাংলা সংগীতজগতের বহু বরেন্য ও জনপ্রিয় শিল্পী কণ্ঠ দিয়েছেন।

বাংলা অনলাইন সাংবাদিকতার বিকাশ ও বিশ্বমঞ্চে তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শিব্বীর আহমেদ একজন অগ্রপথিক। ইন্টারনেটে বাংলা সংবাদ পরিবেশন যখন কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল, সেই ২০০১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘বাংলাদেশ অনলাইন নিউজ নেটওয়ার্ক’। নেটমেলা, বিডিমেলা, ওয়াশিংটন বাংলা, ফ্লোরিডা বাংলাসহ প্রায় শতাধিক ডোমেইন নিবন্ধনের মাধ্যমে তিনি বাংলা ভাষার কনটেন্টকে প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি খবর, দেয়াল পত্রিকা, নিউজনাউ ও বাংলামিসহ একাধিক সংবাদমাধ্যমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সাংবাদিক হিসেবে হোয়াইট হাউস, মার্কিন সিনেট, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক শীর্ষ সংস্থাসমূহে সংবাদ সংগ্রহের দীর্ঘ অভিজ্ঞতা তাঁর পেশাগত পরিচয়ের ব্যাপ্তি তুলে ধরেন।
তাঁর পারিবারিক শিকড় অত্যন্ত সমৃদ্ধ। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) এলাকার সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্য, গেরিলা মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী মরহুম আলহাজ জালাল আহমেদের সুযোগ্য সন্তান। শিক্ষাজীবনে লাকসাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর (এমকম) ডিগ্রির পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব সফটওয়্যার সিস্টেমস (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ আমেরিকা মিডিয়া ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন অ্যাওয়ার্ড, অন্বয় অ্যাওয়ার্ড ও একতারা অ্যাওয়ার্ডসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন।

শিব্বীর আহমেদের ব্যক্তিত্বের অন্যতম মানবিক দিক হলো তাঁর কোলাহলমুক্ত নিঃশব্দ জীবনযাপন এবং স্মৃতির প্রতি গভীর দায়বদ্ধতা। বাইরের কোলাহল এড়িয়ে নিজের তৈরি করা একটি নিভৃত বৃত্তে বেঁচে থাকা এই মানুষটির নীরবতাকে কেউ কেউ ভুল বুঝতে পারেন, কিন্তু তাঁর অন্তর্জগৎ জুড়ে রয়েছে ভালোবাসা ও শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধা। ৫৭ বছর বয়সের এই মাইলফলক তাই কেবল অতীতের অর্জনের হিসাব মেলানো নয়, বরং আগামী দিনে নতুন সৃষ্টি, ভাবনা ও স্বপ্নের আলোয় পথচলার এক দৃঢ় সংকল্প। জন্মদিনে তাঁর প্রতি নিরন্তর শুভেচ্ছা—তাঁর সৃষ্টির পথ দীর্ঘ হোক।
– শিশুসাহিত্যিক, ঢাকা