বাপা নিউজ, নিউইয়র্ক: দেশের খ্যাতনামা লেখক, সাংবাদিক ও শিশুসাহিত্যিক শিব্বীর আহমেদের নতুন সচিত্র ইংরেজি শিশুতোষ গল্পের বই ‘The Elephant’s New Shoes’ প্রকাশিত হয়েছে। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয় প্রকাশ থেকে প্রকাশিত বইটি সম্পূর্ণ রঙিন ও দৃষ্টিনন্দন অলংকরণে সমৃদ্ধ। বইটির আনুষ্ঠানিক প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারিত রয়েছে। অমর একুশে বইমেলা ২০২৭ উপলক্ষে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বইমেলায় প্রদর্শনের জন্য আগেই এটি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে প্রবাসী পাঠক ও শিশুদের মধ্যে বইটি সাড়া ফেলেছে।
বইটির প্রচ্ছদ ও ভেতরের সব চিত্রাঙ্কন করেছেন লেখক শিব্বীর আহমেদ নিজেই। শিশুদের কল্পনাশক্তি, কৌতূহল, দয়া ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার উদ্দেশ্যে লেখা গল্পটির মূল বার্তা—প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু দেওয়ার মতো গুণ ও সামর্থ্য রয়েছে। রঙিন অলংকরণ ও আকর্ষণীয় গল্পের সমন্বয়ে বইটি শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের ইতিবাচক মানসিকতা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত শিব্বীর আহমেদ শিশুসাহিত্যেও স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয় প্রকাশ, অনন্যা, নালন্দা, বাংলাপ্রকাশ ও সময় প্রকাশন থেকে তাঁর পঞ্চাশের বেশি বই প্রকাশিত হয়েছে। শিশুদের জন্য লেখা তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ছড়া ও ছবির বই ‘ধামিয়ান’ এবং গল্পের ছবির বই ‘ভয়ানক ধামি’ ও ‘ধামি করবে বিয়ে’।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ড থেকে মুদ্রিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে বইটি সহজলভ্য করতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের বিভিন্ন পরিবেশকের মাধ্যমে বিপণনের ব্যবস্থা করা হয়েছে।
বইটির পরিবেশক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুক্তধারা, কানাডার টরন্টোর বাংলা মিডিয়া, ভারতের কলকাতার বিশ্ববঙ্গীয় প্রকাশন ও নয়া উদ্যোগ এবং নয়াদিল্লির ডি কে বুক এজেন্সিজ প্রাইভেট লিমিটেড। প্রকাশক ও সংশ্লিষ্টরা আশা করছেন, শিব্বীর আহমেদের নতুন এই বই বাংলাদেশ ও প্রবাসের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাভাষী ও ইংরেজিভাষী শিশুদের কাছে সমাদৃত হবে।
