১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

বাপা নিউজ – কলমের জাদুতে কল্পনা ও বাস্তবের মেলবন্ধন ঘটিয়ে বাংলা সাহিত্যে সৃষ্টি করেছিলেন এক অনন্য জগৎ। মিসির আলি ও হিমুর মতো কালজয়ী চরিত্রের মাধ্যমে কোটি পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ তার ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।

লেখকের জন্মদিন উপলক্ষে তার জন্মভূমি নেত্রকোনায় শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘হিমু উৎসব’। এ আয়োজনে হলুদ পাঞ্জাবি পরে ছেলেরা হিমু এবং নীল শাড়িতে মেয়েরা রূপা সেজে অংশ নেবেন। থাকছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডাসহ নানা আয়োজন। প্রায় এক যুগ ধরে হুমায়ূন আহমেদের জন্মদিনে এ উৎসবের আয়োজন করে আসছে সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা। এবারের অনুষ্ঠানেও লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন বয়সী ভক্তদের অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা থেকে সেখানে বাবার নামে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। জন্মের পর মায়ের প্রথম সন্তান হিসেবে তাকে ঘিরে পরিবারেও ছিল বিশেষ আয়োজন। তার নানা মামার বাড়িতে এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। এমনকি জন্মঘরে তার নামফলকও স্থাপন করা হয়েছিল।

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। তার জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথন আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা। প্রতিবছর এসব আয়োজন ঘিরে নেত্রকোনা শহরে লেখক, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা বসে।