অ্যাডাল্ট ছড়া> একটা জীবন ভুল রমণীর গল্প শোনা: লুৎফর রহমান রিটন

একটা জীবন ভুল রমণীর গল্প শোনা
বিমূর্ত এক রাত্রি দিনের স্বপ্ন বোণা।
একটা জীবন সংকটেরই বিহবলতা
অপমানের অসম্মানের কথকতা।
একটা জীবন জীবনরেসে পিছিয়ে পড়া
নিমজ্জনের খড়কুটোকে আঁকড়ে ধরা।
মোহের মায়ার বিভ্রান্তির মাশুল গোণা
ভুল সংসার কুজ্ঝটিকার জাদুটোনা।
একটা জীবন হাত পা বিহীন সরীসৃপের
স্পর্শকাতর সন্নিকটের দূরের দ্বীপের…
একটা জীবন তিনটেক্কার মুগ্ধ তাসের
ধারাবাহিক ব্যর্থতা আর হা হুতাশের।
চোখের কোণে লুকিয়ে রাখা অভিমানের
একটা জীবন বিষাদ মাখা সুরের গানের।
একটা জীবন অভিনয়ের কুশলতার
পারষ্পরিক সম্পর্কের কলুষতার।
একটা জীবন জবুথবু দাঁতকপাটির
হইহুল্লোড় পোশাক-আশাক পরিপাটির।
একটা জীবন ফুল ফোটানো ব্যর্থ মালীর
ভেঙে যাওয়া মচকে যাওয়া জোড়াতালির।
একটা জীবন সুখে থাকার প্রদর্শনী।
গভীর গোপন দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি।
একটা জীবন খানাখন্দের হোঁচট খাবার
একটা জীবন রোজ প্রতিদিন হেরে যাবার।
লোকদেখানো অলীকস্বপ্নপ্রাসাদ গড়ার
একটা জীবন অনাবশ্যক যাপন করার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *